রানি সিরিকিতকে স্মরণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, ঝাড়ুু দিচ্ছেন রাষ্ট্রদূত নিজেই!

ঢাকায় থাই দূতাবাস সম্প্রতি প্রয়াত থাই রানি সিরিকিতকে স্মরণ করে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ল্যান্ডস্কেপিং কার্যক্রমের আয়োজন করেছে। এ আয়োজনে দূতাবাসের কর্মীদের পাশাপাশি অংশ নেন নবনিযুক্ত থাই রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি। ফেসবুকে প্রকাশিত ছবিতে দেখা যায়—তিনি নিজেই ঝাড়ু হাতে পরিষ্কার করছেন।

সোমবার (২৪ নভেম্বর) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পোস্টে জানানো হয়, এই অভিযানের উদ্দেশ্য ছিল রানি সিরিকিতের স্মৃতির প্রতি সম্মান জানানো এবং কর্মীদের মাঝে সেবামূলক ও পরিবেশবান্ধব সংস্কৃতি ছড়িয়ে দেওয়া।

পোস্টে উল্লেখ করা হয়, গত ২৪ অক্টোবর রানি সিরিকিতের মৃত্যুর পর ২০ নভেম্বর এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে দূতাবাস ভবন, স্টোর, এবং আশপাশের এলাকা পরিষ্কার রাখা, পরিবেশ সুন্দর করা এবং কর্মপরিবেশ উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়।

উল্লেখ্য, থিটিপর্ন চিরাসাওয়াদি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন এবং ৪ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র জমা দেন। দায়িত্ব গ্রহণের পর এমন অংশগ্রহণমূলক কর্মসূচিতে তার উপস্থিতি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।