আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো “এইচএসসি জিপিএ–৫ কৃতী শিক্ষার্থী মিলনমেলা ২০২৫”। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব মো. আব্দুল খালেক মিলনমেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। শুরুতেই অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে এডুকেশন ওয়াচ-এর বিশেষ প্রকাশনার কভার উন্মোচন করা হয়। স্বাগত ভাষণ দেন ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ড. এম এ হালিম পাটওয়ারী। এরপর জাতিসংঘ DRR ফেলো মো. মানসুরুল হক এবং ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক ড. মো. জাহেদুল ইসলাম শিক্ষা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এটিএন বাংলা-সময়ের সাথে অনুষ্ঠানের পরিচালক ও এডুকেশন ওয়াচ সম্পাদক মো. খলিলুর রহমান।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার ১১ জন বিজয়ীর নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। পরে গ্রুপ ফটোসেশন অনুষ্ঠিত হয়। “আপন আলোয় উদ্ভাসিত” সম্মাননা হিসেবে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা নুরে আলম তালুকদারকে ক্রেস্ট প্রদান করা হয়; তিনি অনুভূতি ব্যক্ত করেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন।
প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান তাঁর বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব, গবেষণা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান শিক্ষার্থীদের মানবিকতা, সততা ও সৃজনশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।