৪০ হাজার টাকা মুক্তিপণ দিতে না পারায় নারায়ণগঞ্জে তরুণকে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দাবি করা মুক্তিপণ না পেয়ে মো. তাকবির (১৮) নামে এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জে নাসিকের ৪ নম্বর ওয়ার্ডের বড় বাজার ওয়াপদা কলোনীর একটি পরিত্যক্ত চারতলা ভবনের নিচতলা থেকে তাকবিরের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত তাকবির একই ওয়ার্ডের নূর মোহাম্মদের ছেলে।

সে মঙ্গলবার বিকেলে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি বলে জানিয়েছে তার পরিবার।

নিহতের বড় ভাই হৃদয় জানান, মঙ্গলবার রাতে একটি ফোন নাম্বার থেকে ফোন করে আমার ভাইকে অপহরণ করা হয়েছে জানিয়ে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। ঘটনাটি আমাদের বিশ্বাস হয়নি বলে আমরা তাদের টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছিলাম। পরে আজ (বুধবার) দুপুরে খবর পাই আমার ভাইয়ের মরদেহ পাওয়া গেছে।

নিহতের বাবা নূর মোহাম্মদ বলেন, মঙ্গলবার রাতে ছেলে বাসায় ফেরেনি। বাসা থেকে বের হওয়ার পর তার মুঠোফোন চালু থাকলেও যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ করেনি কেউ। পরে বুধবার জানতে পারি ওয়াপদা কলোনির পরিত্যক্ত একটি ভবনে তার মরদেহ পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে বড় বাজার এলাকার একটি পরিত্যক্ত চারতলা ভবনের নিচতলায় মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ধারণা করা হচ্ছে ভিকটিমকে গত মঙ্গলবার রাতে হত্যা করা হয়েছে। তার পরিবারের দাবি তাদের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়েছিল। আমরা ওই ফোন নাম্বারের সূত্র ধরে তদন্ত শুরু করেছি।