ইউক্রেনের পরাজয় পশ্চিমাদের ‘বিশ্বায়নবাদী প্রকল্পের’ পতন ডেকে আনবে: বিশেষজ্ঞ

ইউক্রেনে রাশিয়ার বিজয় ইউরোপীয় অভিজাতদের 'বিশ্বায়নবাদী প্রকল্পের' পতন ডেকে আনতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন ব্লগরা ও আইটি পরামর্শদাতা জোজেফ শুটজম্যান।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বার্তা সংস্থা তাসের সাক্ষাৎকারে তিনি বলেন, 'ইউরোপের রাজনৈতিক শ্রেণী কেবল ভূ-রাজনৈতিক সুবিধার জন্য নয়, বরং একটি বৃহত্তর বিশ্বায়নবাদী প্রকল্প টিকিয়ে রাখার জন্য লড়াই করছে।'

শুটজম্যান বলেন, ইউরোপীয় অভিজাতরা 'আশঙ্কা করছে যে, রাশিয়াকে দুর্বল করতে ব্যর্থ হলে পশ্চিমা বিশ্বে তাদের প্রভাব ক্ষয় হবে এবং তাদের চ্যালেঞ্জ জানাতে ক্রমবর্ধমানভাবে জনসাধারণ উৎসাহিত হবে।'

তিনি উল্লেখ করেন, 'বছরের পর বছর ধরে রাজনৈতিক বিচ্ছিন্নতার কারণে ব্রাসেলসে অনেকেই এমন পদে আরামে বসে আছেন, যেখানে কোনো জবাবদিহিতা নেই। অন্যদিকে কিয়েভের বিবাদমান কর্তৃপক্ষ ধরে নিয়েছে, তাদের নিজস্ব দায়মুক্তি বজায় থাকবে।'

তিনি বলেন, 'অহংকার, নির্ভরশীলতা এবং মাঝে মাঝে প্রকাশ্য পলায়নবাদে উজ্জীবিত এই পরিবেশে শাসকগোষ্ঠী নিশ্চিত- যতক্ষণ তারা ক্ষমতায় থাকবে, ততক্ষণ তারা লাভবান হবে। এর পরিণতি সাধারণ নাগরিকদের ভোগ করতে হবে।'

এর আগে যুক্তরাষ্ট্র ইউক্রেন সংকট মীমাংসার জন্য ২৮-দফা পরিকল্পনা প্রস্তাব করেছিল। এই প্রস্তাব কিয়েভ এবং ইউরোপে মার্কিন অংশীদারদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে। ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনীয় পক্ষ এই পরিকল্পনা নিয়ে আলোচনা করে।

আরবিসি-ইউক্রেন সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, কিয়েভের প্রতিনিধিরা ওয়াশিংটনের প্রস্তাবিত বেশিরভাগ কর্মসূচিতে একমত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে সম্ভাব্য বৈঠকে আলোচনার জন্য কিছু মূল বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে।