মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে বলেছে, ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো গাজায় গণহত্যা চালাচ্ছে, নতুন আক্রমণ চালাচ্ছে এবং গুরুত্বপূর্ণ সাহায্যের প্রবেশাধিকার সীমিত করছে।
দীর্ঘদিনের গণহত্যা যুদ্ধের অবসানের জন্য গত ১০ অক্টোবর হামাসের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে - সাত সপ্তাহে ৫০০ বারেরও বেশি। এই সময়ে কমপক্ষে ৩৪৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ৮৮৯ জন আহত হয়েছে। দুই বছরেরও বেশি সময় আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইতোমধ্যে ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অ্যামনেস্টি একটি বিবৃতি জারি করে বলেছে, 'এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত নেই যে, ইসরায়েল তার অপরাধের মারাত্মক প্রভাব ফিরিয়ে আনার জন্য গুরুতর পদক্ষেপ নিচ্ছে। তাদের উদ্দেশ্য পরিবর্তিত হয়েছে - এমন কোনো প্রমাণ নেই।'
অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, 'প্রকৃতপক্ষে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের নির্মম নীতি অব্যাহত রেখেছে, গুরুত্বপূর্ণ মানবিক সাহায্য এবং প্রয়োজনীয় পরিষেবাগুলোতে প্রবেশাধিকার সীমিত করছে এবং ইচ্ছাকৃতভাবে গাজায় ফিলিস্তিনিদের শারীরিকভাবে ধ্বংস করার জন্য পরিকল্পিত শর্ত আরোপ করছে।'
তিনি বলেন, 'বিশ্বকে বোকা বানানো উচিত নয়। ইসরায়েলের গণহত্যা এখনো শেষ হয়নি।'
আল জাজিরার সংবাদদাতারা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকালেও ইসরায়েল গাজার মধ্যাঞ্চলের বুরেইজ ক্যাম্প এবং পূর্ব খান ইউনিসের ভবনগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।