কাপ্তাই ও লংগদুতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

রাঙ্গামাটির কাপ্তাই ও লংগদু উপজেলায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ও সন্ধ্যায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

কাপ্তাইয়ে বাসের ধাক্কায় টিকিট বিক্রেতার মৃত্যু
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাপ্তাই–চট্টগ্রাম সড়কের সীতাঘাট এলাকায় ঢাকাগামী সৌদি পরিবহনের একটি গাড়ির (চট্ট মেট্রো ব-১১-০৬৭৯) ধাক্কায় মো. ইলিয়াছ (৪৫) নামের একজন পথচারী নিহত হন।

নিহত ইলিয়াছ কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শিলছড়ি এলাকার মৃত নুর আহামদের ছেলে। তিনি কাপ্তাই জেটিঘাট এলাকায় এস আলম কাউন্টারে টিকিট বিক্রেতা হিসেবে কর্মরত ছিলেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, মো. ইলিয়াছ কাপ্তাই সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় সৌদি পরিবহনের গাড়িটির খোলা লকারের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে কাপ্তাই সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক মো. মাহবুব পালিয়ে গেছে। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলছে।

লংগদুতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
বৃহস্পতিবার সন্ধ্যায় লংগদু উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় ট্রাকের চাপায় বাইসাইকেল চালিয়ে যাওয়া অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাসুম আল হাছান (১৫) ঘটনাস্থলেই মারা যায়।

নিহত মাসুম ওই এলাকার আব্দুল হান্নানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুম রাস্তার পাশ দিয়ে সাইকেল চালাচ্ছিল। ট্রাকটি (চট্ট মেট্রো ট-১২-০৪৩৪) তাকে অতিক্রম করার সময় হঠাৎ ডানদিকে পড়ে গেলে পেছনের চাকার নিচে পিষ্ট হয়।

মাসুমের স্বজনরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। তারা এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বিধান বলেন, হাসপাতালে আনার আগেই কিশোরটির মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ছিল এবং ডান পাশের চোয়াল ভেঙে গেছে।

লংগদু থানা পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক মামুন পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা যায়নি।