টঙ্গীর জোড় ইজতেমা ময়দানে মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে নূর আলম (৮০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় তার মৃত্যু হয়। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নূর আলম নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর (কাজীর তালুক) গ্রামের সুলতান আহমাদের ছেলে। তিনি জোড় ইজতেমায় নোয়াখালী খিত্তায় অবস্থান করছিলেন। রাতে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। পরে উপস্থিত সাথিরা চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে বলেন, বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজনে শুক্রবার (২৮ নভেম্বর) বাদ ফজর আমবয়ানের মাধ্যমে এ জোড় শুরু হয়। ইজতেমা শুরুর আগেই রাতে ময়দানে আসা এক মুসল্লির মৃত্যু হয়েছে। ঘুমন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।