সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। নারী-পুরুষ ছাড়াও বেশ কয়েকজন শিশুকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় সরাপপুর গ্রামের প্রায় ৮ বিঘা আয়তনের মঙ্গলা পুকুরের সুফলভোগীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দু’পক্ষই পুকুরে মাছ ছাড়ার অধিকার দাবি করে আসছিল।
ঘটনার দিন রাশেদুল ইসলাম রাসুর নেতৃত্বে একটি দল পুকুরে মাছ ধরতে গেলে প্রতিপক্ষ নজরুল ইসলাম লোকজন নিয়ে বাধা দেন। এ নিয়েই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। লাঠিসোটা, লোহার রড ও ধারালো অস্ত্র ব্যবহার করে প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।
ঘটনার বিষয়ে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, সরাপপুর গ্রাম এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সবাই বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন। তাই এখনো কোনো মামলা হয়নি এবং কেউ অভিযোগও দেয়নি।