দুর্নীতি করলে পরিণতি সুখকর হবে না: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সমাজের উঁচু-নিচু সব স্তরের মানুষের কাছে একটি বার্তা পৌঁছাতেই হবে যে, দুর্নীতি করলে কারো পরিণতি সুখকর হবে না। বর্তমানে কমিশন দৃঢ়ভাবে এই বার্তা পৌঁছানোরই চেষ্টা করছে। এ কারণেই প্রতিদিনই দেশের কোথাও না কোথাও দুর্নীতি প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত রাখা হবে। কমিশন এমন পরিস্থিতি তৈরি করবে যে, দুর্নীতিবাজরা দুর্নীতি করার সাহস হারিয়ে ফেলবে। 

বুধবার দুদকের প্রধান কার্যালয়ে ‘দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও  তদন্ত’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান কমিশনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কর্মকর্তাদের মনোভাব, আচার-আচরণ, কৌশল ও চলন-বলনের পরিবর্তনের মাধ্যমেই কমিশনের সক্ষমতার বিকাশ ঘটাতে হবে। কমিশনের কর্মকর্তাদের আচরণ হতে হবে সর্বোচ্চ বিনয়ী। জিজ্ঞাসাবাদে কৌশলগত কারণেই জ্ঞান, বুদ্ধি এবং স্বীয় বিবেচনার নির্মোহ প্রয়োগ ঘটাতে হবে।

আরো পড়ুন: চ্যারিটেবল মামলায় খালেদা জিয়াকে জামিন দেয়নি হাইকোর্ট

তিনি বলেন, এই প্রতিষ্ঠানের একটি অঙ্গীকার রয়েছে। আপনাদের প্রত্যেকেরও অঙ্গীকার রক্ষা করতে হবে। প্রতিষ্ঠানের প্রতি অঙ্গীকার ও মমত্ববোধ না থাকা কাঙ্খিত নয়। প্রতিষ্ঠানের ভিশন-মিশনের সাথে আপনাদের কাজ-কর্ম সংগতিপূর্ণ না হলে , ঐ প্রতিষ্ঠান থেকে নেওয়া বেতন কি বৈধ হয় ? তাই সততা ও নৈতিকতার সর্বোচ্চ মানদণ্ড বজায় রেখে স্ব-স্ব দায়িত্ব পালন করতে হবে।

এ প্রশিক্ষণ কোর্সে কমিশনের পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক ও উপ-সহকারী পরিচালক পদমর্যাদার ৩০ জন কর্মকর্তা অংশ নেন।

ইত্তেফাক/এমআই