অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার খলিফার দরজা ও কাটাখালি এলাকার রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের ব্রিকফিল্ড নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মো. হৃদয় হোসেন (২৫) ও নাজমুল হাসান (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টায় কাটাখালি থেকে রামগঞ্জে আসার পথে সিএনজি চালিত একটি অটোরিকশার সঙ্গে হৃদয় ও নাজমুলকে বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুইজনই পাকা সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থল হৃদয় হোসেনের মৃত্যু হয়। পরে নাজমুলকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

রামগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অটোরিকশাচালক ঘটনার পরপরই পলাতক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।