সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে এক এএসআই মারা গেছেন।
শনিবার (২৯ নভেম্বর) ভোরে অসুস্থ হয়ে পড়ার পর ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান শাহজাদপুর থানার ওসি আসলাম আলী।
আকতার হোসেন (৩৮) ঝিনাইদহ উপজেলা সদরের কাঞ্চনপুর গ্রামের আনছার আলীর ছেলে।
পুলিশ জানায়, আকতার চলতি বছরের ফেব্রুয়ারিতে শাহজাদপুর থানায় যোগদান করেছিল। শুক্রবার বিকেলে থানায় কর্মরত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় আকতার হোসেনের দুইটি কিডনি ও লিভারে গুরুতর সমস্যা ধরা পড়ে।
পরে শনিবার ভোর ৬টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। এরপর চিসিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। দ্রুত তাকে ঢাকায় নেওয়ার জন্য রওনা হলে পথে তিনি মারা যান।
ওসি আসলাম আলী বলেন, এএসআই আকতার হোসেন শুক্রবার বিকেলে থানায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কিডনি ও লিভারের অসুখ ধরা পড়ে। এরপর তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। শনিবার ভোরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।