বাবার কুলখানি না করায় তর্কের জেরে ছেলেকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে বাবার কুলখানি না করায় নিয়ে তর্কের জেরে মুরাদ হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের পবহাটি সিটি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ হোসেন পবহাটি মন্ডল পাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, গত শনিবার মুরাদ হোসেনের বাবা আফজাল হোসেন মারা যান। বাবার মৃত্যুর পর কুলখানি না করায় তার চাচাতো ভাই আলম মন্ডল তাকে ব্যাঙ্গ ও তুচ্ছ তাচ্ছিল্য  করে। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় মুরাদ হোসেন ও আলম মন্ডলের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। সর্বশেষ শনিবার দুপুরে পবহাটি সিটি মোড়ে মুরাদ বসে ছিলেন। এ সময় তার চাচাতো ভাইয়ের ছেলে সৌরভ তিনটি মোটরসাইকেলে কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে মুরাদের উপর হামলা করে। হামলাকারীরা মুরাদকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে ফেলে যায়।

সেখান থেকে স্থানীয়রা মুরাদকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া বলেন, খবর পেয়ে  ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যরাও কুলখানি না করা নিয়ে তর্কের জেরে পিটিয়ে হত্যার বিষয়টি জানতে পেরেছে। তদন্তের পর বিস্তারিত জানানো সম্ভব হবে।