মাঠে পড়ে ছিল যুবকের গলাকাটা মরদেহ

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে সোহেল (২৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের খরার মাঠে তার গলাকাটা মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছে স্থানীয়রা। 

নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন।

নিহতের পিতা আসাবুল হক অভিযোগ করেন, স্থানীয় তাহেরের ছেলে ফারুকের সঙ্গে পেয়ারা বাগানের একটি গাছের ডাল ভাঙা বা পেয়ারা খাওয়ার বিষয় নিয়ে সোহেলের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এর জের ধরে ফারুকের সঙ্গে তার ছেলের মধ্যে মারামারি হয় এবং সোহেলকে হত্যার হুমকি দেওয়া হয়। তিনি দাবি করেন, ফারুকই তার ছেলেকে জবাই করেছে এবং হত্যার বিচার চান।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সিপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, একজন যুবককে জবাই করা হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। বিস্তারিত পরে জানানো হবে।