চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১০ পিস স্বর্ণের বারসহ আবু সাঈদ মন্ডল (২৫) নামের এক বাংলাদেশিকে আটক করেছে। এ সময় তার ৫-৬ জন সহযোগী পালিয়ে যায়।
বিএসএফ সূত্রে জানা যায়, সাঈদকে ধরে নিতে তাদের পক্ষ থেকে ব্রাশ ফায়ার করা হয়।
সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৭টায় ভারতের পুটিখালী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে। আটক সাঈদ উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের নতুন মসজিদ পাড়ার নওশের আলীর ছেলে। বিজিবি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।
সীমান্তের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৭টায় ৬-৭ জন বাংলাদেশি স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ স্বর্ণের বার নিয়ে হরিহরনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এই সময় তারা বিএসএফের সামনে পড়লে সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও আবু সাঈদ মন্ডল ১০টি স্বর্ণের বারসহ আটক হয়।
সূত্র আরও জানিয়েছে, আটক সাঈদ মন্ডলের কাছে আরও স্বর্ণের বার ছিল। তাকে আটক করার সময় তিনি স্বর্ণের বারগুলো রাতের অন্ধকারে ঝোড়ের মধ্যে ফেলে দেন। বিএসএফ সদস্যরা ৩টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়েছে। বাকি স্বর্ণ বার খোঁজা হচ্ছে।
ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম পিএসসি সাংবাদিকদের জানান, বিএসএফ ৩টি স্বর্ণের বারসহ আবু সাঈদকে আটক করেছে।
এদিকে, গত ২৯ নভেম্বর বিকালে ভারতে স্বর্ণের বার পাচারের সময় ফেনসিডিল নিয়ে ফেরার পথে উপজেলার গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুল ইসলাম (৩৭)-এর মরদেহ এখনো পাঁচ দিনের মধ্যে ফেরত দেয়নি বিএসএফ। তার বাড়িতে শোকের মাতম চলছে।