নওগাঁয় বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১২.১ ডিগ্রিতে

দেশের উত্তরের জেলা নওগাঁয় দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। তাপমাত্রাও কমতে শুরু করেছে, যা স্বাভাবিক কার্যক্রমকে কিছুটা বাধাগ্রস্ত করছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। এটি চলতি বছরের এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

এর আগে মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যার পর হালকা কুয়াশার সঙ্গে তীব্র শীত অনুভূত হয়। রাতভর এলাকা কুয়াশায় ঢাকা থাকে, আর সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঠান্ডার অনুভূতি কমে যায়। দিনের বেলায় রোদের কারণে কিছুটা উষ্ণ অনুভূত হয়।

সদর উপজেলার হাপানিয়া এলাকার জয়নাল আবেদীন বলেন, দিনের বেলা রোদ ঝলমলে ও গরম থাকে, কিন্তু সন্ধ্যা হলেই গায়ে পড়তে হয় শীতের কাপড়। ঘুমোতে গেলে কম্বল ছাড়া উপায় নেই।

বরুনকান্দি এলাকার ভ্যানচালক সোবহান বলেন, সন্ধ্যার পর হালকা বাতাস ও শীতের কারণে রিকশা চালানো কষ্টকর হয়ে যায়। সকালে যাত্রীও পাওয়া যায় না।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, আজ সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে।