জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ (জকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কার্যক্রম স্থগিত করা হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী বুধবার (৩ ডিসেম্বর) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন নির্ধারিত ছিল।
তবে এদিন জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তালিকা প্রকাশের কার্যক্রম স্থগিতের কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর প্রার্থীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর নির্বাচনী তফসিলের ক্রম-১২ অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের (০৩/১২/২০২৫) কার্যক্রম স্থগিত করা হলো।’
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
এর আগে, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস-পরীক্ষা ৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। ফলে জকসু কার্যক্রমও স্থগিত রয়েছে। ইতোমধ্যে প্রার্থীদের ডোপ টেস্ট কার্যক্রমও স্থগিত করেছে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনের বিভিন্ন প্যানেল ও প্রার্থীরা ক্যাম্পাস খুলে দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরুর দাবি জানিয়েছে।