কালীগঞ্জে চিনিকল ফার্মের মাঠে রক্তাক্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের ফার্মের মাঠ থেকে ওমর শেখ (৩০) নামে এক নসিমন চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মাঠের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

নিহত ওমর শেখ উপজেলার বেলাট গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে তিনি নসিমন গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর থেকে তার কোনো খোঁজ মিলছিল না।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মাঠের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী প্রথমে বিষয়টি বুঝতে পারে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং গলায় বাঁধার আলামতও পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট কাজ করছে। কাজ শেষে মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের কারণ এখনই বলা যাচ্ছে না। তদন্ত চলছে।