১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নাসির উদ্দিন কমিশন

১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন  সূত্রে  এ তথ্য  জানা গেছে।

ইসি জানায়, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাবে কমিশন। এছাড়াও, তফসিল রেকর্ডের জন্য ওইদিনই বিটিভিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক নির্বাচন কমিশনার জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে ১০ অথবা ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

তিনি বলেন, ‘১০ অথবা ১১ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত হবে। এর দুয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে।’

ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। তার আগে ৭ ডিসেম্বর তফসিল নিয়ে কমিশন সভা হয়।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার ব্যাপারে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘গণভোট নিয়ে সেইভাবে প্রচারণা শুরুই হয়নি এখনো। সরকার এবং ইসি এসকসঙ্গে মিলে ব্যাপক প্রচারণা চালাবে। সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে।’