বিএনপির সঙ্গে জোট এখনো চূড়ান্ত নয়: রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, বিএনপি বা ফ্যাসিবাদবিরোধী অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী জোট করার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তফসিল ঘোষণার পর বিএনপি ও অন্যান্য দলের সঙ্গে আলোচনা হবে বলে জানান তিনি।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশেদ খান।

তিনি বলেন, “বিএনপির ৩১ দফা কর্মসূচির সঙ্গে গণঅধিকার পরিষদসহ ফ্যাসিবাদবিরোধী দলগুলো একমত। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা বিএনপির সঙ্গে একত্রে লড়াই করেছি। তাই নির্বাচনে জোট গঠনের বিষয়ে আগেও আলাপ হয়েছে।”

নিজ নির্বাচনী এলাকার প্রচারণা প্রসঙ্গে তিনি জানান, ঝিনাইদহ-২ আসনে তিনি নিয়মিত ভোটারদের কাছে যাচ্ছেন এবং মাঠপর্যায়ের জরিপের মাধ্যমে দলের জনপ্রিয়তা যাচাই করছেন।

বিএনপির সঙ্গে জোট হলে করণীয় বিষয়ে রাশেদ খান বলেন, “জোট হলে প্রার্থী নির্ধারণের দায়িত্ব বিএনপিরই থাকবে। বিএনপি ঘোষণা দিলে তাদের কোনো নেতাকর্মী সেটার বিরোধিতা করবে বলে মনে করি না। কারণ, আমার এলাকায় বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে।”