আগামী ২০২৬ সালের মার্চ মাস থেকে পাবনা থেকে সরাসরি ঢাকাগামী ট্রেন চালু হবে। এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার সড়ক, সেতু ও রেল যোগাযোগ–বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেল কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।
শেখ মঈনুদ্দিন বলেন, রেল বিভাগে বর্তমানে কিছু কোচ সংকট রয়েছে। তবে দ্রুতই এ সংকট কাটিয়ে ওঠা হবে। সেই লক্ষ্যেই মার্চ থেকে পাবনা–ঢাকা সরাসরি ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছে রেল বিভাগ।
তিনি আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনের জন্য নির্মিত কিন্তু অব্যবহৃত রেলস্টেশনটি পরিদর্শন করা হয়েছে। সেটি কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশের নৌ, রেল ও সড়ক এই তিন পথেই সমন্বিত আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে শেখ মঈনুদ্দিন বলেন, জেলা পর্যায়ের সংযোগ সড়কগুলো চার লেনে উন্নীত করা এবং প্রধান সড়ক প্রশস্তকরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। পুরোনো জেলা হওয়ায় পাবনার প্রধান আবদুল হামিদ সড়ক প্রশস্তকরণ প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, আরিচা–খাসচর ফেরি সংযোগ প্রকল্প, পাকশী–বাধেরহাট সড়ক প্রশস্তকরণ এবং কাশীনাথপুর–উল্লাপাড়া সড়ক উন্নয়ন প্রকল্প বিষয়গুলোও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। ঈশ্বরদী রেলগেট এলাকার যানজট নিরসনে একটি ওভারপাস নির্মাণের আশ্বাসও দেন তিনি।