কারওয়ান বাজার মোড় অবরোধ, চাপ পড়েছে মেট্রোরেলে

রাজধানীর কারওয়ান বাজার মোড়ে মোবাইল ব্যবসায়ীদের অবরোধের কারণে মেট্রোরেল চলাচলে চাপ দেখা দিয়েছে। সড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় অনেক মানুষ বিকল্প হিসেবে মেট্রোরেলে ভিড় জমাচ্ছেন। সন্ধ্যার পর হঠাৎ যাত্রী চাপ বেড়ে যাওয়ায় কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনে দীর্ঘ সারি তৈরি হয়।

স্টেশনের ভেতরে টিকিট কাউন্টার ও গেটের সামনে একাধিক সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের। প্ল্যাটফর্মেও যাত্রীসংখ্যা স্বাভাবিক দিনের তুলনায় দ্বিগুণ ছিল।

মহাখালীতে কর্মরত বেসরকারি চাকরিজীবী রিয়াদ হোসেন বলেন, অনেক সময় ধরে রাস্তায় আটকে ছিলাম। পরে দেখলাম সামনে আগুন জ্বালানো, গাড়ি নড়ছে না। বাধ্য হয়ে হেঁটে মেট্রোরেল স্টেশনে আসলাম। কিন্তু এখানেও ভিড় সামলানো কঠিন।

কারওয়ান বাজার মোড় অবরোধের প্রভাবে হঠাৎ যাত্রীচাপ বেড়ে যাওয়ায় মেট্রোরেল স্টেশনে দীর্ঘ লাইন। ছবি: আল সাদি

বিশ্ববিদ্যালয় ছাত্রী নুসরাত জাহান নামে আরেক যাত্রী বলেন, স্টেশনে এমন ভিড় সাধারণত অফিস টাইমেও হয় না। হঠাৎ এত মানুষ আসায় টিকিট পেতেও ঝামেলায় পড়েছি। ট্রেনের জন্য আগের চেয়ে অনেক বেশি অপেক্ষা করতে হচ্ছে।

অতিরিক্ত যাত্রী চাপ নিয়ন্ত্রণে আনসার সদস্যরা তৎপর ছিলেন। তারা যাত্রীদের সারিবদ্ধভাবে দাঁড় করানো, গেটের ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছেন।

ডিউটিতে থাকা আনসার সদস্য মোনারুল বলেন, যাত্রীচাপ অস্বাভাবিকভাবে বেড়েছে। কারওয়ান বাজার মোড় অবরোধের কারণে অনেকে মেট্রোরেলে এসে পড়ছেন। আমরা চেষ্টা করছি যেন কেউ ধাক্কাধাক্কি বা ভিড়ে পড়ে আহত না হয়।