চাঁদপুরে কাভার্ড ভ্যান চাপায় যুবক নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জে ফজরের নামাজ আদায়ের পর মাছ কেনার জন্য বাজার যাওয়ার পথে মোহাম্মদ রোমান (২০) নামে এক যুবক কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত রোমান ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব চরকুমিরা গ্রামের জমাদার বাড়ির মো. জসিম জমাদারের ছেলে। আহতরা হলেন চরকুমিরা গ্রামের রফিকুল হকের ছেলে বাপ্পি (১৮) এবং আব্দুর রাজ্জাকের ছেলে মো. সোহাগ (১৭)।

স্থানীয়রা জানায়, সকালে রোমান ও তার সঙ্গীরা চরকুমিরা চিশতিয়া জামে মসজিদে ফজরের নামাজ আদায় করেন এবং পায়ে হেঁটে মাছ কিনতে ভাটিয়ালপুর চৌরাস্তা রওনা দেন। সেখানেই পিছন দিক থেকে কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৩-৩১২৪) তাদের চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন।  আহত বাপ্পি ও সোহাগকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তারা বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার সময় বিক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানসহ চালক মো. ইমরান (২৬) ও তার সহযোগী মো. ইকরাম (২৩) আটক করে ফরিদগঞ্জ থানায় সোপর্দ করে। 

পুলিশ জানায়, আটক ইমরান ও ইকরাম সহোদর, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তমাবাদ গ্রামের বাসিন্দা এবং তাদের পিতার নাম আনসার হাওলাদার। তারা কাভার্ড ভ্যান নিয়ে চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, কাভার্ড ভ্যানসহ চালক ও হেলফার থানায় আটক রয়েছে এবং এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।