পিরোজপুর

লাঠির আগায় গামছা বেঁধে ‘পাশের ভবন’ থেকে নির্বাচন অফিসে অগ্নিসংযোগের চেষ্টা

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচন অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাইসুল ইসলাম ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে উপজেলা নির্বাচন অফিসের দোতলার একটি কক্ষের জানালার থাই গ্লাসের লক ভেঙে ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করা হয়। পাশের একটি ভবন থেকে লাঠির সঙ্গে গামছা বেঁধে তাতে পেট্রল লাগিয়ে জানালার ভেতর আগুন প্রবেশ করানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এতে গামছাটি পুড়ে ছাই হয়ে মেঝেতে পড়ে থাকে। এ সময় বিষয়টি অফিসের লোকজন টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে লাঠি ও গামছাটি উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসের নৈশপ্রহরী মোস্তফা হাওলাদার জানান, রাত ২টায় ঘুমিয়ে থাকায় বিষয়টি তখন টের পাইনি। পরে বিষয়টি নজরে এলে কর্তৃপক্ষকে জানিয়েছি।

এ বিষয় উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার বলেন, তফসিল ঘোষণার পর আমাদের কোনো ছুটি নেই। শুক্রবার রাত ১১টার দিকে অফিস শেষে বাসায় ফিরে যাই। সকালে এসে আগুন দেওয়ার চেষ্টার বিষয়টি নজরে আসে। তবে এতে অফিস বা গুরুত্বপূর্ণ কোনো নথির ক্ষয়ক্ষতি হয়নি। নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে জানিয়ে নিরাপত্তা জোরদারের  কথা জানানো হয়েছে।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার ভোররাতে উপজেলা নির্বাচন অফিসে আগুন দেয়ার চেষ্টার বিষয়ে আমরা খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে।