প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইফতেখারুল জাহান রোহান (১৫) এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে এদিন দুপুর ১টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কে দাড়োয়ানী এলাকায় একটি প্রাইভেট কারেরসঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত হয় রোহান।

মৃত ইফতেখারুল জাহান রোহান জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের সুটিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং নীলফামারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, শনিবার দুপুরে একটি মোটরসাইকেল করে বাড়ি থেকে দাড়োয়ানী বাজারের দিকে যাচ্ছিলেন রোহান। এসময় বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

নীলফামারী সদর থানার ওসি মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনায় আহত শিক্ষার্থী রোহানের মৃত্যু হয়েছে। সেখানে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।