ভেড়ামারায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতি

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মনি পার্ক এলাকার কাছে এ ঘটনা ঘটে। 

ডাকাতির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

প্রাইভেটকারের মালিক শিমুল হোসেন জানান, পার্শ্ববর্তী ঈশ্বরদী থেকে রাতে গাড়ির জ্বালানি গ্যাস নিয়ে বাড়ি ফেরার পথে মনি পার্ক এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্রধারী কয়েকজন ডাকাত তাদের গাড়ির সামনে এসে গতিরোধ করে। একপর্যায়ে অস্ত্রের মুখে গাড়িতে থাকা নগদ ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং গাড়িচালক হিমেলকে মারধর করে। 

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গাড়ির মালিক শিমুল হোসেন।

এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’