বরগুনায় বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার পর্যন্ত বরগুনা জেনারেল হাসপাতালে নতুন করে আরও ৭ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আমতলী উপজেলায় ২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে একজন ভর্তি হয়েছেন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপরজন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে।
ডেঙ্গু রোগ শনাক্তের জন্য কিটবক্স সরবরাহ করা হয়েছে জানিয়ে বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহরাফ উদ্দিন জানান, এ পর্যন্ত ১২০ রোগীকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ২৭ ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান জানান, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত বরগুনায় ২৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে। যাদের মধ্যে ১৯ জন রোগী বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আরও পড়ুন: আগামীকাল সন্ধ্যায় যিলহজের চাঁদ দেখা কমিটির বৈঠক
এদিকে ডেঙ্গু রোগ থেকে মুক্ত থাকার জন্য মশা নিধনে সচেতনতামূলক সমাবেশ করেছে, বরগুনা জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়েছে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইমামদের নিয়ে ডেঙ্গু, গুজব ও মাদকমুক্ত বরগুনার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/নূহু