রাতের আঁধারে কৃষকের গরু জবাই পালালো দুর্বৃত্তরা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রাতের আঁধারে আবদুস সাত্তার নামের এক কৃষকের গোয়ালঘরে দুটি গরু জবাই করে পালিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ ডিসেম্বর) রাতে চরএলাহী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবদুস সাত্তারের বাড়ীতে এ অমানবিক ঘটনা ঘটে।

কৃষক আবদুস সাত্তার ও স্থানীয়রা জানান, তার বসতঘরের পাশে ছিল গোয়ালঘর, যেখানে তিনি একটি গাভী ও একটি ষাঁড় লালন-পালন করতেন। রোববার সন্ধ্যায় তিনি গরুগুলোকে খাবার দিয়ে ঘরে ঘুমাতে পাঠান। ফজরের নামাজ শেষে গোয়ালঘরে গিয়ে দেখেন, দুটি গরু জবাই করা অবস্থায় পড়ে আছে। ধারণা করা হচ্ছে, গরুগুলোকে চেতনানাশক ইনজেকশন দিয়ে পূর্ব শত্রুতার জেরে কেউ এ ঘটনা ঘটিয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী কৃষকের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।