বর্ষায় দিন যায়

রিমঝিম রিমঝিম সারাদিন বৃষ্টি

ভেজা কাক নির্বাক উদাসীন দৃষ্টি।

ঝমঝম ঝমঝম ঘোরলাগা ছন্দ

কেয়া আর কদমের মনকাড়া গন্ধ।

 

টুপটাপ টুপটাপ মনে হয় ঝরনা

রং মেখে রংধনু সাজে বহুবর্ণা।

টিপটিপ টিপটিপ ঢিপঢিপ মনটা

সারাদিন রোদ নেই তাই উত্কণ্ঠা।

 

শনশন ঝনঝন বাতাসের ঝাপ্টা

বর্ষায় দিন যায় খুব সোজাসাপ্টা।