সিরাজগঞ্জের তাড়াশে রানীহাট সিরাজগঞ্জ বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলামকে বরখাস্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন শুরু করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিগত এক বছরের বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব না দেওয়ার অভিযোগে গত সোমবার ওই প্রধান শিক্ষককে বরখাস্ত করে তার কক্ষে তালা ঝুলিয়ে দেন বিদ্যালয় পরিচালনা কমিটি। সেই থেকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভে অভিভাবকরা হতাশ হয়ে পড়েছেন। তারা দ্রুত বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয় পরিচালনা কমিটি সম্পূর্ণ অনৈতিকভাবে প্রধান শিক্ষককে বরখাস্ত করে তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আর অন্যায় তারা কিছুতেই মেনে নিতে পারছে না।
কয়েকজন অভিভাবক সদস্য জানান, পরিচালনা কমিটির এমন হঠকারী সিদ্ধান্তে বিদ্যালয়ের পরিবেশ অশান্ত হয়ে উঠেছে। চারদিন যাবত সন্তানরা লাগাতার ক্লাস বর্জন করে রোদ-বৃষ্টির মধ্যে শ্রেণি কক্ষের বাইরে অবস্থান করছে।
রানীহাট সিরাজগঞ্জ বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয় পরিচালনার বর্তমান কমিটির মেয়াদ রয়েছে মাত্র দেড় মাসের মত। নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রাখতেই পরিকল্পিতভাবে তাকে বরখাস্ত করা হয়েছে।
ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বাবলু প্রামাণিক জানান, বিগত এক বছরের বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব না দেওয়ার কারণে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে ছাত্র-ছাত্রীদের স্বার্থে আগামী শনিবার শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হবে।
আরও পড়ুন: ভিআইপির বলি তিতাস: দুটি তদন্ত দলের শুনানি গ্রহণ
এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন বলেন, প্রাথমিকভাবে প্রধান শিক্ষকের বরখাস্ত আদেশ প্রত্যাহার করে শিক্ষার্থীদের ক্লাসমূখী করতে মুঠোফোনে বিদ্যালয় পরিচালনা কমিটিকে অবগত করা হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/অনি