খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তিনি যুক্তরাজ্যের দলীয় নেতাকর্মীদের প্রতি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
এদিকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ইতোমধ্যে একটি অভ্যর্থনা কমিটি গঠন করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করে গত সোমবার (১৫ ডিসেম্বর) এই কমিটি অনুমোদন দেওয়া হয়।