গাজায় ইসরায়েলি হামলায় জ্বলন্ত গাড়িতে আটকে প্রাণ হারানো ছয় বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের পরিবারের সঙ্গে দেখা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
২০২৪ সালের ২৯ জানুয়ারি গাজা শহরের তেল আল-হাওয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলায় তাদের গাড়ি বিধ্বস্ত হলে রজব শিশুটির সঙ্গে তার পরিবারের কয়েকজন সদস্যরাও নিহত হন। এই ঘটনা বিশ্ব মিডিয়ায় বেশ আলোচনায় আসে।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে এরদোয়ান পরিবারটির অন্যান্য ছোট শিশুদের প্রতি বিশেষ মনোযোগ দেন। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে না পারা পরিবারের কিছু সদস্যের সঙ্গে ভিডিওকলে কথা বলেন।
তুরস্কের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নুরি এরসয় এ সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, হিন্দ রজবের গল্প নিয়ে 'দ্য ভয়েস অফ হিন্দ রজব' নামক একটি ফিল্ম সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট কমপ্লেক্সে একটি বিশেষ প্রদর্শনীতে প্রদর্শিত হয়।