প্যানেল চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলার মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হারুনুর রশিদ (৩৮) এবং পৌর আওয়ামী লীগের সদস্য কাজী কাদের (৬০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। হারুনুর রশিদ ৪ নং ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদের পাঁটশাও এলাকার ৫ নং ওয়ার্ড সদস্য এবং ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান। তিনি ৪ নং ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। অপর গ্রেপ্তারকৃত কাজী কাদের পৌর আওয়ামী লীগের সদস্য এবং ২০১০ সালে পৌর শহরের নূরজাহানপুর এলাকার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট পৌরশহরের চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র–জনতার ওপর হামলা চালানোর অভিযোগে ২৪ আগস্ট মামলাটি দায়ের করা হয়। ঘোড়াঘাট থানায় দায়ের হওয়া মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় হারুনুর রশিদ ও কাজী কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে গত বছর ২৪ আগস্ট থানায় একটি মামলা হয়। এ মামলার তদন্তে সংশ্লিষ্টতা আসার পর তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আসামিদেরকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।