শিশু সাহিত্যের জনপ্রিয় ম্যাগাজিন ‘ছোটদের সময়’ প্রকাশনার এক যুগে পদার্পণ করেছে। এ উপলক্ষে আগামী ১৩ ডিসেম্বর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় “ছোটদের সময় যুগপূর্তি শিশুসাহিত্য উৎসব ২০২৫”।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
উৎসবে শিশু-কিশোরদের জন্য ছিল নানা আয়োজন—ছবি আঁকা প্রতিযোগিতা, গল্প বলা প্রতিযোগিতা, আমন্ত্রিত লেখকের কণ্ঠে ছড়া ও কবিতা পাঠ, শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী, শিশু সাহিত্য বিষয়ক সেমিনার এবং “ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার-২০২৫” প্রদান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শারমীন এস মুরশিদ বলেন, “আমাদের শিশু-কিশোররা জাতির ভবিষ্যৎ। আমরা এই প্রজন্ম গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। শিশু একাডেমির কার্যপরিধি আরও বিস্তৃত করার জন্য নতুন নীতিমালা তৈরি করা হবে, যাতে এটি একটি অধিদপ্তরের মত কাজ করতে পারে।”
উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ও বাংলাভিশনের প্রধান সম্পাদক আবদুল হাই সিদ্দিক, লেখক ও গবেষক ফয়জুল লতিফ চৌধুরী, শিশুসাহিত্যিক এনায়েত রসুল, কবি ও শিশুসাহিত্যিক জাকির আবু জাফর, ভাষাবিদ অধ্যাপক তারিক মনজুর, কথাসাহিত্যিক আলী আসকর এবং কবি আবিদ আজম। অনুষ্ঠান পরিচালনা করেন শিশুসাহিত্যিক মনসুর আজিজ এবং সভাপতিত্ব করেন শিশু সংগঠক ও লেখক মাহবুবুল হক।
উৎসবে “দৈনিক পত্রিকার ছোটদের পাতা: সংকট ও সম্ভাবনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন ড. কাজল রশীদ শাহীন, যিনি বলেন, বর্তমান সময়ের ছোটদের পাতাগুলো শিশুদের মনোজগত থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে।
ছবি আঁকা ও গল্প বলা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিচারক ছিলেন খ্যাতিমান শিল্পী ও সাহিত্যিকরা, যেমন মোমিন উদ্দীন খালেদ, ফরিদী নুমান, ভাস্কর শামীমা হক, এলিজা, রজত, নাজমুল মাসুম, এবং গল্প বলা প্রতিযোগিতার বিচারক ছিলেন নাঈম আল ইসলাম মাহিন, মুশফিকা সাদিয়া, হোমায়রা মোর্শেদা আখতার, শাকিল মাহমুদ, গাজী তানভীর আহমেদ।
ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার ২০২৫ পেয়েছেন দেশের ছয় গুণী লেখক। বিশেষ অবদানের জন্য খালেদ হোসাইন ও আহমদ মতিউর রহমানকে পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া আশরাফুন্নেছা দুলু, মনসুর আজিজ, আমিরুল মোমেনীন মানিক এবং জনপ্রিয় গল্পগ্রন্থ ‘ভাত খাওয়ানোর গল্প’-এর জন্য আশিক মুস্তাফা-কেও পুরস্কৃত করা হয়।
দিনব্যাপী উৎসবে কবি ও শিশুসাহিত্যিকরা বর্ণাঢ্য উপস্থাপনা দেন। অতিথিরা ৬ লেখকের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন।