মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর কামারবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে ভোর সাড়ে ৪টার দিকে কামারবাড়ি এলাকার আমির সাহেবের খালি জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—পঞ্চসার ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সীমান্ত (২০), চর মুক্তারপুর মাদবর বাড়ি এলাকার সাকিব (২৬) ও মালির পাথর গোসাইবাড়ি এলাকার তন্ময় (২৫)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে কামারবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ এবং ঘটনাস্থল থেকে তাদের তিনজনকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার চাপাতি, ১টি লোহার শাবল, ১টি লোহার রড ও ২টি টর্চ লাইট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার সীমান্ত একজন পেশাদার অপরাধী এবং তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে এসআই মো. সোহাগ বাদী হয়ে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং নিয়মিত মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হবে।