ইউক্রেনের হয়ে রাশিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করা 'হেইডেন ডেভিস' নামের একজন ব্রিটিশ ব্যক্তিকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাশিয়ান সরকারি আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন।
রয়টার্স বলছে, বেতনভুক্ত ভাড়াটে সৈনিক হওয়ার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তাকে সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে রাখা হয়েছে।
রাষ্ট্রীয় কৌঁসুলিরা একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে ডেভিসকে জিজ্ঞাসাবাদ কতে দেখা যাচ্ছে। তিনি কালো কোট পরে এবং মাথা কামানো অবস্থায় কারাগারে দাঁড়িয়ে ছিলেন।
ভিডিওতে তিনি বলছেন, তিনি ইউক্রেনীয় সামরিক বাহিনীর বিদেশি ইউনিটে যোগদানের জন্য ইউক্রেনে গিয়েছিলেন। তাকে প্রতি মাসে ৪০০ থেকে ৫০০ ডলার বেতন দেওয়া হতো।
বৃহস্পতিবার রাশিয়ান আইনজীবীরা জানিয়েছেন, ডেভিস ২০২৪ সালের আগস্টে পশ্চিম ইউক্রেনে এসেছিলেন এবং একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন। তিনি ইউক্রেনে সামরিক প্রশিক্ষণ নেন এবং তারপর দোনেতস্কে রাশিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো বলছে, ডেভিস একসময় ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করেছিলেন। তিনি বিবাহিত এবং মূলত সাউদাম্পটনের বাসিন্দা।