রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে ইউক্রেনকে ঋণ দিতে আপত্তি বেলজিয়ামের

ইউরোপে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের নেতারা বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠকে বসছেন।

তবে রাশিয়ার জব্দকৃত সম্পদের বড় অংশ আছে বেলজিয়ামে। ইউক্রেনকে ক্ষতিপূরণমূলক ঋণ দেওয়ার প্রস্তাবে দেশটি বিরোধীতা করছে। ব্রাসেলসের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ভেভার বলেছেন, তিনি হাল ছাড়বেন না।

ভেভার বলছেন, এই অর্থ ছাড় দিলে তার দেশের আর্থিক স্থিতিশীলতা ক্ষুন্ন হতে পারে। তিনি সমঝোতার জন্য আলোচনা করতে রাজি। কিন্তু আর্থিক স্থিতিশীলতার বিষয়ে নমনীয়তা দেখাবেন না।

তাই এখন বেলজিয়ামের এই বৈঠকের সিদ্ধান্তের ওপর রাশিয়ার সম্পদ ব্যবহারের বিষয়টি অনেকটা নির্ভর করছে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, রাশিয়ার আক্রমণকে ইইউ তাদের নিজস্ব নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে। তাই তারা ইউক্রেনকে অর্থায়ন করতে এবং যুদ্ধ চালিয়ে যেতে চায়। এটি করার জন্য ইইউ ২০২২ সালে জব্দ করা রাশিয়ার কিছু সম্পদকে কাজে লাগানোর লক্ষ্য রাখছে।

অর্থ সংগ্রহের লক্ষ্য পূরণে ইইউ এর নেতাদের সামনে দুটি পথ খোলা আছে। এর একটি হলো, ইউরোপে ফ্রিজ বা জব্দ করা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ঋণ হিসেবে ইউক্রেনকে দেওয়া। ইউক্রেন এই ঋণ তখনই ফেরত দেবে, যখন রাশিয়া তাদের আগ্রাসনের ফলে হওয়া ক্ষতিপূরণ দিতে সম্মত হবে।