নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে পোস্টার ও অন্যান্য প্রচারসামগ্রী অপসারণ না করায় ফেনী–২ (সদর) সংসদীয় আসনের বিএনপি, জামায়াত, এবি পার্টিসহ পাঁচ প্রার্থীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্বাচনী আচরণ বিধিমালা–২০২৫ অনুযায়ী তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও সংশ্লিষ্ট প্রার্থী ও দলগুলোর প্রচারসামগ্রী অপসারণ না করায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়।
জরিমানা পাওয়া প্রার্থীরা হলেন—
-
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ওরফে ভিপি জয়নাল
-
জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লিয়াকত আলী ভূঁইয়া
-
এবি পার্টি মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী ও দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
-
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ও জেলা সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া
-
জেএসডি মনোনীত তারা প্রতীকের প্রার্থী ও জেলা সাধারণ সম্পাদক শামসুদ্দিন মজুমদার
প্রত্যেক প্রার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রার্থীদের পক্ষে তাদের মনোনীত প্রতিনিধিরা জরিমানার অর্থ পরিশোধ করেন।
এবি পার্টি ফেনী জেলা আহ্বায়ক কমিটির প্রচার সম্পাদক হাবিব মিয়াজি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের দলের প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জসিম উদ্দিন বলেন, জরিমানার পাশাপাশি আজ সন্ধ্যার মধ্যেই বিভিন্ন স্থানে সাঁটানো পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।