চট্টগ্রামের পটিয়ায় আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি তুলে ফেসবুকে পোস্ট করার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
তারা হলেন- পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হক ও কনস্টেবল মো. সেলিম।
বুধবার রাতে পটিয়া পৌর সদরের কাগজীপাড়া এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শোয়াইব উল ইসলাম মহিম (২১) গ্রেপ্তার হন। থানায় থাকা অবস্থায় তিনি ঘুমিয়ে থাকা কনস্টেবল মো. সেলিমের সঙ্গে একটি সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়।
এ ঘটনায় দিনভর পটিয়া উপজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। গ্রেপ্তার হওয়া শোয়াইব উল ইসলাম মহিম পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের আবুল বশরের ছেলে এবং ওই এলাকার ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।
পুলিশ হেফাজতে থাকা অবস্থায়ও মহিমকে ফেসবুকে নিয়মিত পোস্ট দিতে দেখা যায়। একটি স্ট্যাটাসে তিনি লেখেন, “আমার জন্য সবাই দোয়া করবেন। আমি পটিয়া থানায়। দেখা হবে আবারো, ফিরবো বীরের বেশে কোন একদিন। জয় বাংলা।”
পরবর্তীতে থানা পুলিশের অফিস কক্ষে হাতকড়া পরা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন “এইদিন দিন নয়, দিন আরও আছে।”
এসব ছবি ও স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পরে তার ফেসবুক আইডি থেকে সেগুলো মুছে ফেলা হয় বলে জানা গেছে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে দায়িত্ব অবহেলার অভিযোগে এসআই মাহমুদুল হক ও কনস্টেবল মো. সেলিমকে ক্লোজড করা হয়।
এদিকে ক্লোজড হওয়ার খবর পেয়ে কনস্টেবল মো. সেলিম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দায়িত্বে অবহেলার কারণে পটিয়া থানার উপপরিদর্শক মো. মাহমুদুল হক ও কনস্টেবল মো. সেলিমকে ক্লোজড করা হয়েছে।