শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে সিলেটে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নগরীর চৌহাট্টা এলাকায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হতে শুরু করেন। পরে তারা মিছিল ও বিক্ষোভ কার্যক্রম শুরু করেন। এই সময় সিলেট নগরের বিভিন্ন এলাকা থেকে একাধিক মিছিল এসে সেখানে যুক্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১২টার দিকে একটি বড় মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌহাট্টায় ফিরে আসে। সেখানে বিক্ষোভকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন, যার মধ্যে রয়েছে—“দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “বিচার বিচার বিচার চাই”, “হাদি হত্যার বিচার চাই”, “আমরা সবাই হাদি হবো”, “যুগে যুগে লড়ে যাবো”।
এ সময় বিক্ষোভকারীরা নগরীর বারুতখানা এলাকায় অবস্থিত প্রথম আলো অফিস এবং চৌহাট্টা এলাকার আল পাইন রেস্টুরেন্টে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। বিক্ষোভকারীরা দ্রুত সময়ের মধ্যে হাদির হত্যার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।