কৃষক লীগের ২ নেতাকে সন্ধ্যায় ফুল দিয়ে বিএনপিতে বরণ, পরদিন প্রত্যাহার

জামালপুরের মাদারগঞ্জে কৃষক লীগের দুই নেতা বিএনপিতে যোগ দেওয়ার খবরে দলটির তৃণমূলে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। এই নিয়ে বিক্ষোভ ও বিতর্কের এক পর্যায় দলটিতে ওই দুইজনের যোগদান ‘অকার্যকর’ ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে মাদারগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ সুজনের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে বুধবার সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকুর উপস্থিতিতে কৃষক লীগের মাদারগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি আবুল হোসেন ওরফে ভিক্কু এবং একই এলাকার বাসিন্দা ও পৌর কৃষকলীগের সদস্য মোশারফ হোসেন বিএনপিতে যোগদান করেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করা হয়।

এদিকে বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত না থাকায় গতকালের (বুধবার) মাদারগঞ্জ পার্টি অফিসে যোগদান অকার্যকর বলে বিবেচিত হবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। সিদ্ধান্তক্রমে উপজেলা বিএনপির সভাপতি জনাব অ্যাডভোকেট মুঞ্জুর কাদের বাবুল খান ও সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান রতন।’

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় দুই কৃষক লীগ নেতা বিএনপিতে যোগদানের বিষয়টি জানাজানির পর সংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন। তারা যোগদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন। 

ওই সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতাদের দলে ভেড়ানোর নামে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিল ও বিতর্কিত নেতাদের পুনর্বাসনের চেষ্টা করছেন। তারা অবিলম্বে এ যোগদানের সঙ্গে জড়িত নেতাদের দল থেকে বহিষ্কারের দাবি জানান। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই কৃষক লীগের বিএনপিতে যোগদান অকার্যকর ঘোষণা করা হলো।