নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

গাছ থেকে পড়ে পা ভাঙ্গার পর গলাটিপে হত্যা

নিখোঁজের একদিন পর কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের পলাশ শব্দকর (৭) নামে প্রথম শ্রেণির এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কালিটি চা বাগান এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত পলাশ শব্দকর উপজেলা সদর ইউনিয়নের বালিচিরি গ্রামের পরিমল শব্দকরের ছেলে। সে শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। 

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু পলাশ গত বুধবার সকাল ১১টায়  নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বাবা পরিমল বিকেলে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

পরদিন লাশ উদ্ধারের পর পুলিশ সন্দেহজনক ভাবে একই এলাকার মির্জান আলীর ছেলে জাহেদ আলীকে (১৫) আটক করে জিজ্ঞাসাবাদ করে। আটক জাহেদ পলাশের লাশ কালিটি চা বাগান এলাকা থেকে বের করে দেয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত জাহেদের পিতা মির্জান আলী (৪৫) ও চাচাতো ভাই চান মিয়ার ছেলে রাহেল আহমদকে (২৬) আটক করেছে। 

আরও পড়ুন: ডেঙ্গুতে টেকনাফের ব্যবসায়ীর মৃত্যু

আটক জাহেদ পুলিশকে জানায়, সে ও রাহেল পলাশকে চা বাগান এলাকায় নিয়ে যায়। সেখানে বড় একটি গাছে পাখির বাসা থেকে বাচ্চা এনে দিতে পলাশকে গাছে তুলে দেয়। এক পর্যায়ে পলাশ গাছ থেকে নামতে গিয়ে পা ফসকে নিচে পড়ে যায়। এতে তার পা ভেঙ্গে জ্ঞান হারায়। এ সময় তারা ভয়ে পেয়ে তাকে বাঁচানোর চেষ্টা না করে গভীর জঙ্গলে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে চলে আসে। 

কুলাউড়া থানার অফিসার ইয়ারদৌস হাসান জানান, লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের বাবা বাদি হয়ে কুলাউড়া থানায় হত্যা মামলা দায়ের করছেন। 

ইত্তেফাক/অনি