এপস্টাইনের নতুন ফাইল প্রকাশিত, মিললো বিল ক্লিনটনের কয়েকটি ছবি

দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের বিরুদ্ধে তদন্ত নিয়ে মার্কিন বিচার বিভাগ শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রথম দফায় কিছু ফাইল প্রকাশ করেছে। এতে বেশ কয়েকটি জায়গায় যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নাম এসেছে।

প্রকাশ্যে আসা অনেক নথির মধ্যে ক্লিনটনের বেশ কয়েকটি ছবি দেখে গেছে। কিছু ছবিতে তাকে একটি ব্যক্তিগত বিমানে দেখা যায়- যার মধ্যে একটিতে একজন নারী তার পাশে কাঁধে হাত দিয়ে বসে আছেন।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও আরেকজনের মাঝে একজন নারীকে দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত

আরেকটি ছবিতে তাকে এপস্টাইনের দীর্ঘদিনের আস্থাভাজন ব্রিটিশ সমাজসেবক ঘিসলাইন ম্যাক্সওয়েলের সঙ্গে একটি সুইমিং পুলে দেখা যাচ্ছে।

আরেকটি ছবিতে ক্লিনটনকে একটি হট টাবে একজন নারীর সঙ্গে দেখা যায়। ছবিগুলো কখন বা কোথায় তোলা হয়েছিল, তা ফাইলগুলোতে উল্লেখ করা হয়নি। সেগুলোর চারপাশে ছবির প্রেক্ষাপটগুলো খুব কমই উল্লেখ করা হয়েছে।

ছবিতে বিল ক্লিনটনকে একটি হট টাবে একজন নারীর সঙ্গে দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত

৭৯ বছর বয়সী ক্লিনটনের রাজনৈতিক ক্যারিয়ার অতীতে ব্যক্তিগত কেলেঙ্কারি এবং ১৯৯৮ সালে তার অভিশংসনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৯৯০-এর দশকের শেষের দিকে এবং ২০০০-এর দশকের গোড়ার দিকে এপস্টাইন এবং ম্যাক্সওয়েলের সঙ্গে তার সম্পর্ক সুপ্রতিষ্ঠিত ছিল।

শুক্রবার প্রকাশিত ছবিগুলো ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চের নথির একটি অংশ মাত্র, যা তদন্তের সাথে সম্পর্কিত বলে জানা গেছে।

ছবিগুলো প্রকাশের পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এবং শীর্ষ সহকারী স্টিভেন চিউংসহ বেশ কয়েকজন কর্মকর্তা সোশ্যাল মিডিয়ায় সেগুলো তুলে ধরে পোস্ট করেন। তবে শুক্রবার গভীর রাতে উত্তর ক্যারোলিনায় বক্তৃতা দেওয়ার জন্য হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার সময় ট্রাম্প এই বিষয়ে কোনো কথা বলেননি।