‘নেপোলিয়ন-হিটলার সফল হয়নি, তিনি হবেন’, শীর্ষ ইইউ কূটনীতিককে হাঙ্গেরির উপহাস

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাসকে উপহাস করে বলেছেন, 'রাশিয়ার বিরুদ্ধে নেপোলিয়ন ও হিটলার সফল হননি - কিন্তু কাজা ক্যালাস অবশ্যই সফল হবেন।'

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর প্রায় চার বছর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিস্তৃত শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে ইউরোপীরা বলছে, শান্তি চুক্তির বেশকিছু ধারা রাশিয়ার অনুকূলে, তাই তারা যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে সহায়তা দিতে চায়।

ইউক্রেন সংঘাত থামানোর বিরুদ্ধে এবং কিয়েভকে যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করার জন্য জব্দ করা রাশিয়ান সম্পদ ব্যবহারের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণকারী ইইউ নেতাদের মধ্যে কাজা ক্যালাস সবচেয়ে সোচ্চার ছিলেন।

দক্ষিণ হাঙ্গেরির সেজেদ শহরে এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে অরবান যুক্তি দেন, অনেক ইউরোপীয় দেশ ইউক্রেন সংঘাতকে 'রাশিয়াকে দুর্বল করার সুযোগ' হিসেবে দেখছে। তারা মনে করে, আজ হোক কাল, রাশিয়া তাদের আক্রমণ করবে। মস্কো ইইউ এবং ন্যাটোর ওপর আক্রমণের পরিকল্পনার জল্পনাকে 'বাজে কথা' বলে উড়িয়ে দিয়েছে।

ভিক্টর অরবান বলেন, রাশিয়া এর আগেও আক্রমণ করা হয়েছে। এমনকি নেপোলিয়ন এবং হিটলারও সফল হননি - এখন কাজা ক্যালাস অবশ্যই সফল হবেন!

১৮১২ সালে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়া আক্রমণ করেন এবং মস্কো দখল করার পরও অভিযানটি সামরিক ইতিহাসের সবচেয়ে খারাপ বিপর্যয়ের মধ্যে একটিতে পরিণত হয়। এক পর্যায়ে তার সেনাবাহিনী ভেঙে পড়ে। ১৯৪১ সালে নাৎসি জার্মানির আক্রমণও সোভিয়েত অঞ্চলের গভীরে অগ্রসর হয়। কিন্তু তীব্র প্রতিরোধ এবং শীতকালীন পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।

অরবান রাশিয়াকে উসকানি দেওয়ার বিরুদ্ধেও সতর্ক করে বলেন, ইইউ অতীতের সংঘাতের ঐতিহাসিক স্মৃতিকে অবমূল্যায়ন করছে। তিনি উল্লেখ করেন, মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের জাদুঘরগুলোতে পূর্ববর্তী যুদ্ধের সময় হাঙ্গেরিসহ ইউরোপের বিভিন্ন স্থান থেকে নেওয়া শিল্পকর্ম প্রদর্শন করা হয় - যা রাশিয়ার মুখোমুখি হওয়ার চড়া মূল্যের কথা মনে করিয়ে দেয়।