ইইউ সদস্য দেশ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান দাবি করেছেন, ইউরোপীয় ইউনিয়নের কিছু অজ্ঞ রাজনীতিবিদ, অস্ত্র প্রস্তুতকারক এবং ব্যাংকাররা হলেন তিনটি প্রধান শ্রেণী- যারা ইউক্রেন সংঘাত অব্যাহত রাখার জন্য চাপ দিচ্ছে।
রোববার (২১ ডিসেম্বর) এক নির্বাচনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এই নেতা ইউক্রেন-রাশিয়া সংঘাতের বিষয়ে ইইউ'র দৃষ্টিভঙ্গির প্রতি বিরোধিতা করেন।
ভিক্টর অরবান রাজনীতিবিদ শ্রেণীকে নিয়ে বলেন, তারা মনে করে যে, 'পারমাণবিক অস্ত্রধারী একটি দেশকে প্রচলিত যুদ্ধের মাধ্যমে পরাজিত করা যেতে পারে।'
তিনি বলেন, দ্বিতীয় শ্রেণীতে অস্ত্র প্রস্তুতকারকরা রয়েছেন, যারা 'সর্বদা যুদ্ধ বা কোনো ধরণের সশস্ত্র সংঘাত চান।'
অরবান আরও বলেন, ব্যাঙ্কাররা প্রত্যাশা করছে, রাশিয়া সামরিকভাবে পরাজিত হলেই কেবল তারা ইউক্রেনে বিনিয়োগ করা টাকা উদ্ধার করতে পারবে।
তিনি ইউক্রেনের যুদ্ধের জন্য বিশাল ঋণের কথা উল্লেখ করে বলেন, ব্যাংকাররা মনে করে (যুদ্ধে পরাজিত হয়ে) রাশিয়াকে অবশেষে ক্ষতিপূরণ দিতে হবে।
তিনি সংঘাত দীর্ঘায়িত করার বিরুদ্ধে সতর্ক করেন। কারণ হিসেবে বলেন, ইউক্রেনকে ভেঙে পড়া থেকে বিরত রাখতে এটি বন্ধ করতে হবে। তা না হলে এটি প্রতিবেশী হাঙ্গেরির জন্য 'বিপর্যয়কর' হবে।
প্রসঙ্গত, গত সপ্তাহে ইইউ'র কিছু নেতা ইউক্রেনের বাজেটের চাহিদা মেটাতে জব্দ করা রাশিয়ান সম্পদকে জামানত হিসেবে ব্যবহার করে 'ক্ষতিপূরণ ঋণ' প্রদানের ইউরোপীয় কমিশনের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
রাশিয়া তার জব্দ করা সম্পদ হাতিয়ে নেওয়ার প্রস্তাবের নিন্দা জানিয়ে সতর্ক করে দিয়েছে, এটি 'চুরি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের সমান' হতে পারে।