মৌলভীবাজারের কুলাউড়ায় ঘন কুয়াশার কারণে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কুলাউড়া–জুড়ী আঞ্চলিক সড়কের আছুরীঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক গাড়ি রেখে পালিয়ে যান।
নিহতরা হলেন- জুড়ী উপজেলার জায়ফনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গিরাই গ্রামের মৃত মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমদ (১৯) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)। তারা দুজনই বন্ধু ছিলেন।
স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে ওই সড়কে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। পাশাপাশি উভয় যানবাহনের গতিও তুলনামূলক বেশি ছিল বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনারোধে সড়কসংলগ্ন দুটি উচ্চ বিদ্যালয়ের সামনে ও পেছনে গতি নিয়ন্ত্রণে স্পিডব্রেকার স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ড ১১-২২৫৪ নম্বরের একটি পিকআপ ভ্যান কুলাউড়া থেকে ফল বোঝাই করে জুড়ীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ঘটনাস্থলেই প্রাণ হারান।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ বড়ুয়া জানান, দুর্ঘটনার পর ছিটকে পড়া দুই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।