মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের টহলরত দুটি গাড়ি উল্টে গেছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশের এক সার্জেন্টসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দায়িত্ব পালনকালে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের দুটি টহল গাড়ি মহাসড়কের পাশে অবস্থান করছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে উভয় টহল গাড়ি উল্টে মহাসড়কের ওপর পড়ে যায়।
দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের সার্জেন্ট আহসান হাবিব ও কনস্টেবল নয়ন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। তাদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করে। দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য ঢাকা-মুখী লেনে যান চলাচলে বিঘ্ন ঘটে।
গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) রুবেল সিকদার বলেন, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা টহলরত দুটি গাড়িকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে সেগুলো উল্টে যায়। এতে হাইওয়ে পুলিশের এক সার্জেন্ট ও এক কনস্টেবল আহত হন।
ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, দুর্ঘটনার পর যানজট নিরসনে পুলিশ কাজ করছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।