নাইজেরিয়ার বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে মাগরিবের নামাজের সময় একটি মসজিদের ভেতরে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫ জন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রয়টার্স জানিয়েছে, বুধবারের এই হামলায় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছে।
এই হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বৃদ্ধির মধ্যেই এই হামলা চালানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, হামলায় বোকো হারাম এবং এদের সহযোগী আইএসডব্লিউএপি যোদ্ধারা বেসামরিক নাগরিক, মসজিদ এবং বাজারকে লক্ষ্য করে ১৫ বছর ধরে সহিংসতা চালিয়ে আসছে।
গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে আল-আদুম মসজিদে বিস্ফোরণটি ঘটে। তখন সান্ধ্যকালীন নামাজের জন্য মানুষেরা সমবেত হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা আতঙ্কের দৃশ্য বর্ণনা করেছেন। আহতদের মাইদুগুরো বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতাল এবং স্টেট স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাজারের স্থানীয় নেতা মাস্তা ডালোরি বলেন, 'কেউ জানে না কী ঘটেছে। নামাজের সময়ই বোমাটি বিস্ফোরিত হয়েছিল। আল্লাহ তায়ালা এটি ঘটবে তা নির্ধারণ করে রেখেছেন, কিন্তু কীভাবে এটি ঘটেছে তার বিস্তারিত কেউ বলতে পারবেন না...।'
বোর্নো রাজ্যের গভর্নর বাবাগানা জুলুম এই হামলার নিন্দা জানিয়েছেন এবং এটিকে 'অত্যন্ত নিন্দনীয়, বর্বর এবং অমানবিক' বলে বর্ণনা করেছেন। এক বিবৃতিতে তিনি ধর্মীয় স্থানসমূহ এবং জনসমাগমের স্থানে সতর্কতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের জন্য প্রার্থনা করে বলেন, 'মুসলিমরা যখন ইবাদত করছেন, তখন একটি মসজিদে আক্রমণ করা তার পবিত্রতার অবমাননা।'
পুলিশ হতাহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়কারী দলগুলো এলাকাটি ঘিরে রেখেছে এবং অভিযান চলছে। সেই সঙ্গে বাসিন্দাদের শান্ত ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের মতে, গত আগস্টে উত্তর-পশ্চিম কাটসিনা রাজ্যে বন্দুকধারীরা একটি মসজিদ এবং কাছাকাছি বাড়িগুলোতে আক্রমণ করে কমপক্ষে ৫০ জনকে হত্যা করে।