ঘুমের মধ্যে দশম তলার ফ্ল্যাট থেকে পড়ে অষ্টম তলায় আটকে গেলেন এক ব্যক্তি

দশম তলায় নিজের ফ্ল্যাটে ঠিক জানালার কাছেই ঘুমাচ্ছিলেন এক ব্যক্তি। এদিক সেদিক হতেই জানালা দিয়ে সোজা পড়ে গেলেন- যার ফলে মৃত্যু অনেকটা কাছেই ছিল। তবে সৌভাগ্যবশত, দুই তলা পড়তেই তার পা আটকে যায় অষ্টম তলার একটি ফ্ল্যাটের জানালার গ্রিলের মধ্যে।

এরপর এক ঘণ্টা ধরে তাকে উদ্ধারে চলে অভিযান। দড়ি এবং নিরাপত্তা বেল্ট ব্যবহার করে দমকল কর্মীদের সমন্বিত প্রচেষ্টায় তাকে নিরাপদে টেনে বের করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ভারতের সুরাট শহরের জাহাঙ্গীরপুরার টাইমস গ্যালাক্সি ভবনে ৫৭ বছর বয়সী নীতিনভাই আদিয়ার সঙ্গে ঘটে এমন দুর্ঘটনা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি তার ফ্ল্যাটের জানালার কাছে ঘুমাচ্ছিলেন। ঠিক সেই সময় তিনি পড়ে যান। অষ্টম তলার গ্রিলের সাথে তার পা আটকে যায়।

একটি ভিডিওতে দেখা গেছে, আদিয়া উল্টো হয়ে ঝুলছেন। তার পা ওপর থেকে গ্রিল বক্সে আটকে আছে। 

পরে আদিয়ার প্রতিবেশীরা ফায়ার ব্রিগেডের কর্মকর্তাদের খবর দেয় এবং জাহাঙ্গীরপুরা, পালানপুর এবং আদাজান - এই তিনটি ফায়ার স্টেশনের দল ঘটনাস্থলে ছুটে আসে। তার পা মুক্ত করার জন্য উদ্ধারকর্মীরা দড়ি এবং একটি সুরক্ষা বেল্ট ব্যবহার করে।

ভিডিওগুলোতে দমকলকর্মী এবং বাসিন্দাদের নিচে একটি সুরক্ষা জাল ধরে থাকতে দেখা যায়। অবশেষে যখন তাকে উদ্ধার করা হয়, তখন সকলের মাঝে স্বস্তির অনুভূতি হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসা চলছে।