বাসচাপায় পথচারী নিহতের পর ধাওয়া দিয়ে সেই বাসে আগুন দিলো বিক্ষুব্ধরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় নিয়ন্ত্রণহীন বাসের চাপায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীবাহী ওই বাসে আগুন দিয়েছেন বিক্ষুব্ধরা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় বাস চাপায় পথচারী নিহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বাসটিকে ধাওয়া করে কোরপাই এলাকায় আটক করে বাসে অগ্নিসংযোগ করে।

এতে মহাসড়কের দু’পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। নিহত ওই পথচারী কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের মহিচাইল গ্রামের মো. সিরাজুল হক (৭৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, পথচারী সিরাজুল হক চান্দিনা থেকে কাবিলা এলাকায় যান। সেখানে মহাসড়ক পারাপারের সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা গৌরীপুরগামী ‘নিউ একতা পরিবহনের’ একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় উত্তেজিত জনতা মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে বাসটির পিছু নিয়ে কোরপাই এলাকায় আটক করে। বাসের যাত্রী নামিয়ে বাসটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ও ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল মুমিন জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।