ঘনকুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪

ঘটনা তদন্তে কমিটি গঠন, সকাল ৮টার আগে বাল্কহেড চলাচল বন্ধ

ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে সকাল ৮টার আগে বাল্কহেড চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহণ মন্ত্রণালয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এই তথ্য জানান। এই ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, নিহতদের দাফনের জন্য দেড় লাখ টাকা করে দেবে নৌ পরিবহণ মন্ত্রণালয়। তাছাড়া, ভিজিবিলিটি ২০০ মিটারের কম হলে লঞ্চ চলবে না বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার রাতে আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি লঞ্চের সংঘর্ষে চার জন নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা করে এমভি জাকির সম্রাট-৩। লঞ্চটি চাঁদপুরের মেঘনা নদীতে আসার পর ঘন কুয়াশার কারণে ধীর গতিতে চলছিল। এ সময় বরিশালের যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ এর সঙ্গে সংঘর্ষ হয়। এতে এমভি জাকির সম্রাট লঞ্চের একপাশ দুমড়ে-মুচড়ে যায়। পরে লঞ্চটি সদরঘাট পৌঁছালে চারজনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।